প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
ব্রিটিশ নাগরিকত্ব ছেড়েছেন হুমায়ুন কবির: আইনমন্ত্রী
শুভ, সাব এডিটর ||
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে তিনি দাবি করেছেন, হুমায়ুন কবিরের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি এবং সরকার সংবিধান মেনেই সব কার্যক্রম পরিচালনা করেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীতে আইনগত সহায়তা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।মো. আসাদুজ্জামান বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন। তাঁর শপথ গ্রহণের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। সরকার সাংবিধানিকভাবেই তাঁকে শপথ দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। হুমায়ুন কবিরের নাগরিকত্ব নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা চলছিল। এর আগে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না এ বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি তিনি। বরং নিজের বাংলাদেশি নাগরিকত্ব ও দেশের প্রতি অবস্থানের কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে হুমায়ুন কবিরের বিদেশি নাগরিকত্বের বিষয়টি সামনে আসে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, তিনি শৈশব থেকে যুক্তরাজ্যে বেড়ে ওঠেন এবং দেশটির লেবার পার্টির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। এ কারণে তাঁর দ্বৈত নাগরিকত্বের বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। আইনমন্ত্রী এদিন আরও বলেন, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে করা মিথ্যা মামলা, গুম ও ক্রসফায়ারের সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে কাজ করছে। সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ বাদী হয়ে কোনো মিথ্যা মামলা হয়নি বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, কোনো ভুক্তভোগী নিজের পক্ষে আইনজীবী নিয়োগ করতে না পারলে রাষ্ট্র তার পাশে থাকবে। প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আইনি সুরক্ষা নিশ্চিত করতেও সরকার কাজ করছে।এদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে সাংবাদিকদের দেওয়া আগের বক্তব্যকে ‘ক্যাজুয়াল’ ও ‘ইনফরমাল’ হিসেবে উল্লেখ করে বিষয়টি বেশি গুরুত্ব দিয়ে না দেখার আহ্বান জানিয়েছেন।
ফলে হুমায়ুন কবিরের ব্রিটিশ নাগরিকত্বের বিষয়টি নিয়ে তৈরি হওয়া প্রশ্নের পর এবার আইনমন্ত্রীর বক্তব্যে সরকারের অবস্থান স্পষ্ট হলো তিনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন এবং সংবিধান মেনেই তাঁকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ দেওয়া হয়েছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত