প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
দাবানলে পুড়ছে আলজেরিয়া, নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক ||
আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৪ জন। আগুনের তীব্রতা বাড়ায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে বেশ কয়েকটি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাঈদ সায়ুদ জানান, জিজেল প্রদেশে পাঁচজন, বেজাইয়ায় চারজন এবং তিজি ওজুতে তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নিবিড় চিকিৎসায় রাখা হয়েছে।
আলজেরিয়ার বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষের হিসাবে, একদিনেই দেশজুড়ে ১৫৪টি দাবানলের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে বেজাইয়া প্রদেশেই ৩৬টি আগুনের ঘটনা ঘটে। সেখানকার ১৮টি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও আরও কয়েকটি এলাকায় আগুন জ্বলছিল।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা বিভিন্ন এলাকায় কাজ করছেন। স্কিকদা, এল তারফ, বুইরা, তিজি ওজু ও তেবেসার কয়েকটি এলাকার আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে বেজাইয়া ও জিজেলের কিছু এলাকায় পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।
দাবানলের কারণে ঘন ধোঁয়ায় বিভিন্ন এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। নিরাপত্তার কথা বিবেচনায় অনেক বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কিছু এলাকার মানুষ নিরাপদ আশ্রয়ে রাত কাটিয়েছেন।
এদিকে উত্তর আফ্রিকার এই অঞ্চলে তীব্র তাপপ্রবাহ চলছে। আলজেরিয়া ও প্রতিবেশী তিউনিসিয়ায় অস্বাভাবিক গরম ও শুষ্ক আবহাওয়া দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আলজেরিয়ায় গ্রীষ্মকালে দাবানল নতুন কোনো ঘটনা নয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে তীব্র তাপ, দীর্ঘস্থায়ী শুষ্কতা ও প্রবল বাতাসের কারণে এসব আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণ হচ্ছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত