প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ৪৬৯ ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক ||
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। নেপাল পুলিশের সর্বশেষ হিসাবে, দেশটিতে অন্তত ৪৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে এখনো ১ হাজার ৪০০-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নেপালের রাসুয়া ও আশপাশের সীমান্তবর্তী এলাকায় এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। পাহাড় থেকে নেমে আসা বিপুল পানি, কাদা, পাথর ও ধ্বংসাবশেষের স্রোতে ঘরবাড়ি, সড়ক, সেতু ও বিভিন্ন অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপাল পুলিশ জানিয়েছে, উদ্ধারকারীরা এখন পর্যন্ত ১ হাজার ৫৪৫ জনকে উদ্ধার করেছেন। দুর্গম এলাকাগুলোতে হেলিকপ্টার ব্যবহার করে আটকে পড়া মানুষদের সন্ধান এবং খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। কাদা ও ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খুঁজতে ভারী যন্ত্রপাতি ও প্রশিক্ষিত কুকুরও ব্যবহার করা হচ্ছে। দুর্যোগে বিদেশি নাগরিকদেরও ব্যাপকভাবে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তিব্বত সীমান্তের পর্যটন ও তীর্থযাত্রার গুরুত্বপূর্ণ রুট হওয়ায় নিখোঁজদের মধ্যে পর্যটক, পর্বতারোহী ও তীর্থযাত্রী রয়েছেন। বাসসের প্রতিবেদনে আগের হিসাব অনুযায়ী, নিখোঁজদের মধ্যে শত শত বিদেশি নাগরিক ছিলেন। এদিকে বন্যার পানিতে ধ্বংসাবশেষ জমে ভোতেকোশি নদীর ওপর একটি অস্থায়ী হ্রদ তৈরি হয়েছে। পানির উচ্চতা বাড়তে থাকায় সেটির বাঁধ ভেঙে গেলে নতুন করে ভয়াবহ বন্যা হতে পারে বলে সতর্ক করা হয়েছে। ফলে উদ্ধার তৎপরতার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজও চলছে। চীনের তিব্বত অংশেও দুর্যোগের ব্যাপক প্রভাব পড়েছে। সেখানে শত শত মানুষ নিখোঁজ রয়েছেন এবং নতুন করে বন্যার আশঙ্কায় কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।
নেপালের এই ভয়াবহ দুর্যোগে উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত