প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
কেরানীগঞ্জে ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়: মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ
কেরানীগঞ্জ প্রতিনিধি ||
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর স্ত্রী হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে ইফতেখার অনিক (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইকুরিয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের ইকুরিয়া ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, ইফতেখার অনিক তাঁর ফেসবুক অ্যাকাউন্টে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্যসংবলিত পোস্ট দেন। একই সঙ্গে ইসলাম ও ধর্মীয় পরিচয় নিয়েও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় মুসল্লি, মসজিদ-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
স্থানীয়দের দাবি, ইফতেখার অনিক ইকুরিয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবা আলম ওরফে গাবর আলম নামে পরিচিত। স্থানীয় সূত্রের দাবি, তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য। এছাড়া অনিক নিজেকে ‘ইমাম মাহদী’ দাবি করেছেন বলেও অভিযোগ রয়েছে।
কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিনুল হক বলেন, ইফতেখার অনিক নামে এক যুবক তাঁর ফেসবুক অ্যাকাউন্টে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর স্ত্রী হযরত আয়েশা (রা.)-কে নিয়ে দুটি কুরুচিপূর্ণ মন্তব্য ও কটূক্তি করে পোস্ট দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হলে তিনি ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও বলেন, অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছেন। মহানবী (সা.)-কে অবমাননার অভিযোগে এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত