প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬
অবশেষে অটোরিকশার জন্য যে নীতিমালা আসছে!
শুভ, সাব এডিটর ||
ঢাকার দীর্ঘদিনের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং গণপরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার।শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে রাজধানীর যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল পুনর্বিন্যাস, পার্কিং সুবিধা এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়। এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন বা ইটিসি ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়েছে। এ জন্য একটি অ্যাপ তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আগামী চার মাসের মধ্যে এ কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশের যানজট নিরসনেও উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আগের প্রতিবেদন পর্যালোচনা করে আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় সুপারিশসহ নতুন প্রতিবেদন দিতে বলা হয়েছে। রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তনের অংশ হিসেবে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। স্থায়ী টার্মিনাল নির্মাণে সময় লাগায় ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে আগামী চার মাসের মধ্যে একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণের সিদ্ধান্ত হয়েছে। রাজধানীর যানজট কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেটও গাবতলীতে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। সচিবালয়ের আশপাশে যানজট কমাতে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিংয়ের ব্যবস্থা করা যায় কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আরও বিকল্প পার্কিংয়ের জায়গা খোঁজার সিদ্ধান্ত হয়েছে। ঢাকা শহরে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার মধ্যে আনতে পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। একই সঙ্গে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যে এসব কাজ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত