প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েল সব মুসলমানের শত্রু: মোজতবা খামেনি
আন্তর্জাতিক ডেস্ক ||
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শুধু ইরানের নয়, পুরো মুসলিম বিশ্বের শত্রু বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। একই সঙ্গে মুসলিম দেশগুলোর নেতাদের নিজেদের ‘প্রকৃত শত্রু’ চিহ্নিত করে তাদের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার (৩০ আগস্ট) ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে দেওয়া এক লিখিত বার্তায় এসব কথা বলেন খামেনি। তার বার্তায় মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং নিরাপত্তার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়। খামেনি বলেন, মুসলিম বিশ্বের সমস্যার সমাধান নিহিত রয়েছে ঐক্য, পারস্পরিক বন্ধুত্ব, কল্যাণ, ন্যায়বিচার ও সহযোগিতার মধ্যে। কিন্তু যুক্তরাষ্ট্রের নেতৃত্ব এবং ইসরায়েল মুসলিমদের এই ঐক্য ও বন্ধুত্বের বিরোধী।তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শুধু ইরান, ইরানি জনগণ বা ইসলামি প্রতিরোধের বিরোধী নয়; পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকাসহ পুরো মুসলিম বিশ্বের প্রতিও তারা বৈরী অবস্থানে রয়েছে। বিশেষ করে পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলের মুসলিম দেশগুলোর শাসকদের উদ্দেশে খামেনি বলেন, তাদের উচিত নিজেদের প্রকৃত শত্রুকে চিহ্নিত করা, সেই শত্রুর পরিকল্পনা বুঝে তা মোকাবিলা করা। মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করাই শত্রুপক্ষের অন্যতম প্রধান লক্ষ্য বলেও সতর্ক করেন তিনি। খামেনির ভাষ্য, ধর্মীয় ও মতাদর্শগত পার্থক্যের পাশাপাশি জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক বিভেদকে কাজে লাগিয়ে মুসলিমদের মধ্যে বিরোধ উসকে দেওয়া হচ্ছে। মুসলিমদের বিভক্ত করে তাদের শক্তি দুর্বল করাই এর উদ্দেশ্য বলে মনে করেন তিনি।মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধেও সতর্ক করেন ইরানের সর্বোচ্চ নেতা। তার মতে, কেউ জেনে বা না জেনে মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করলে তা শেষ পর্যন্ত ইসলামবিরোধী শক্তির স্বার্থই পূরণ করে। ফিলিস্তিন প্রসঙ্গও তুলে ধরেন খামেনি। মুসলিমরা ঐক্যবদ্ধ থাকলে ফিলিস্তিনিরা দখলদারদের নিপীড়ন ও সহিংসতার সামনে এতটা অসহায় হয়ে পড়ত কি না—এমন প্রশ্ন তোলেন তিনি। মুসলিম ঐক্যের ক্ষেত্রে তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়ার কথা বলেন খামেনি বিভেদ এড়িয়ে ঐক্য ধরে রাখা, হুমকি ও অবিশ্বাসের বিরুদ্ধে একে অপরকে রক্ষা করা এবং সম্পদ, নিরাপত্তা, জ্ঞান ও অগ্রগতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো।
তার মতে, মুসলমানদের ঐক্যই শক্তিশালী ইসলামি সভ্যতা প্রতিষ্ঠার অন্যতম প্রধান ভিত্তি। মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করলে নতুন ইসলামি সভ্যতার পথ আরও সুগম হবে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত