প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
সীমান্ত সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্ডার গার্ড বাংলাদেশ'র (বিজিবি) প্রতি দেশের সীমান্ত সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ'র (বিজিবি) কাজের প্রশংসা করে বাহিনীকে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন।সোমবার (৩১ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।সাক্ষাৎকালে বিজিবি মহাপরিচালক রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি এ সময় বাহিনীর সার্বিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি বৃদ্ধিতে বাহিনীতে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি সন্নিবেশের উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার বন্ধে অতন্দ্র প্রহরী বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সীমান্ত সুরক্ষায় বাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনে বিজিবির উদ্যোগের প্রশংসা করেন এবং এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত