প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
কেরানীগঞ্জে ৯ লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল ধ্বংস
কেরানিগঞ্জ প্রতিনিধি ||
ঢাকার কেরানীগঞ্জে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ টাকা মূল্যের ১৯২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে হাসনাবাদ পুলিশ ফাঁড়ির সামনে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহকারী মৎস্য কর্মকর্তা আশিকুর রহমান, হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির কর্মকর্তা উপস্থিত ছিলেন।উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি পিকআপভ্যান থেকে ১৯২ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। অভিযানের সময় জালের প্রকৃত মালিককে পাওয়া যায়নি। ফলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে পিকআপের চালক ও সহকারীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।পরে জব্দ করা জালগুলো হাসনাবাদ পুলিশ ফাঁড়ির সামনে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়। কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি বলেন, চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও জলজ প্রাণী নির্বিচারে ধরা পড়ে। এতে দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। তাই নিষিদ্ধ এসব জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত