প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
মানবপাচার রোধে সক্ষমতা বাড়ানো ও দ্রুত বিচার চান আইনমন্ত্রী
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
মানবপাচার প্রতিরোধে আইনকে আরও কার্যকর করার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বাড়ানো, যথাযথ সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং বিচারপ্রক্রিয়া দ্রুত করার ওপর গুরুত্ব দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আইন মন্ত্রণালয় ও জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর ইউএনওডিসি আয়োজিত জাতীয় পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন।আইনমন্ত্রী বলেন, মানবপাচার গুরুতর ও অমানবিক অপরাধ। এ অপরাধ দমনে সরকার বিভিন্ন আইন সংশোধন ও নতুন আইন প্রণয়ন করেছে। মানবপাচারের সংজ্ঞাকেও আরও বিস্তৃত ও কার্যকর করা হয়েছে, যাতে পাচারের বিভিন্ন ধরন আইনের আওতায় আনা যায়। তিনি জানান, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে পাচারসহ নতুন ধরনের অপরাধ মোকাবিলায় আইনি কাঠামো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অনলাইন জুয়া প্রতিরোধে ২০২৬ সালের নতুন আইন প্রণয়ন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের কথাও তুলে ধরেন তিনি। বিচারপ্রক্রিয়ার ধীরগতিকে মানবপাচার মামলা নিষ্পত্তির অন্যতম চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন আইনমন্ত্রী। তার দেওয়া তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ৪৬ লাখ মামলা বিচারাধীন, বিপরীতে বিচারকের সংখ্যা প্রায় ২ হাজার ৪০০ জন। তিনি বলেন, এ পরিস্থিতিকে শুধু বিচারকদের দায়ী করার সুযোগ নেই; এর সঙ্গে বিচারব্যবস্থার কাঠামোগত ও পদ্ধতিগত সীমাবদ্ধতাও জড়িত। বিদেশে কর্মসংস্থানের বিষয়ে মন্ত্রী বলেন, জীবিকা ও উন্নত ভবিষ্যতের আশায় বাংলাদেশিদের বিদেশ যাওয়া পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। তবে অনিয়মিত অভিবাসনের কারণে অনেকে সেখানে নানা সমস্যায় পড়েন। তাদের অধিকার রক্ষায় সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। এ ছাড়া লিগ্যাল এইড অধিদপ্তর দেশের বাইরে থাকা বাংলাদেশি অভিবাসীদেরও প্রয়োজন অনুযায়ী আইনগত সহায়তা দিচ্ছে বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, নাগরিকদের অধিকার সুরক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে দেশি-বিদেশি অংশীজনদের পরামর্শকে গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে আইন মন্ত্রণালয়, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ, ইউএনওডিসি ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত