প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
কেরানীগঞ্জে ডিএনসির অভিযান, ইয়াবা কারবারি মাকসুদ গ্রেপ্তার
কেরানিগঞ্জ প্রতিনিধি ||
ঢাকার কেরাণীগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা মো. মাকসুদ আলম সবুজ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।ডিএনসি জানিয়েছে, দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জ এলাকায় ইয়াবা সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাকসুদের গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন সংস্থাটির কর্মকর্তারা।প্রাথমিকভাবে জানা যায়, তিনি ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কেরানীগঞ্জের আর্শিনগরসহ আশপাশের এলাকায় সরবরাহ করতেন।গতকাল বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের আর্শিনগর ও ওয়াশপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিএনসির বিভাগীয় গোয়েন্দা কার্যালয়। পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে গঠিত একটি রেইডিং পার্টি রাত ১০টার দিকে আর্শিনগর মেইন রোডের কাঁচাবাজার মোড় এলাকায় অবস্থান নেয়।ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাকসুদের অবস্থান শনাক্ত করার পর অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন।এ সময় তাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে একটি পলিথিন প্যাকেটে মোড়ানো পাঁচটি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট থেকে মোট ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।ডিএনসির প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাকসুদ আলম সবুজ কেরানীগঞ্জের স্থানীয় মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা মো. মোতালেবের সঙ্গে যোগসাজশে মাদক ব্যবসা করার কথা জানিয়েছেন বলে দাবি করেছে সংস্থাটি।মাকসুদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে কেরানীগঞ্জের আর্শিনগর এলাকায় মো. মোতালেবকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়।ডিএনসির দাবি, অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে তিনি ঘটনাস্থল থেকে চলে যান। তাকে গ্রেপ্তারে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।গ্রেপ্তার মাকসুদ আলম সবুজ মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পের বাসিন্দা। আর মো. মোতালেব (৩৫) কেরাণীগঞ্জের আর্শিনগর এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।এ ঘটনায় মাকসুদ আলম সবুজ ও মোতালেবের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা মজুদ ও সংরক্ষণের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করা হয়েছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত