প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬
কী দেশ বানালাম, এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী- কাঁদলেন এমপি মনিরুল
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
একটা আইফোনের জন্য একটা মাসুম বাচ্চাকে এভাবে মারতে পারে? আমি কল্পনা করিনি। কী দেশ বানালাম। মুক্তিযোদ্ধা হিসেবে আমি লজ্জিত বলে জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) মনিরুল হক চৌধুরী৷ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের (১৩) মরদেহ শনিবার (১৯ সেপ্টেম্বর) উদ্ধার হয়। ক্যাম্পাসের পার্শ্ববর্তী লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) ওই ঘটনায় রাতে গ্রেপ্তার তুহিনের বাড়ি থেকে হারিয়ে যাওয়া আইফোনটি উদ্ধার করা হয়েছে।এমপি মনিরুল কান্নাজড়িত কণ্ঠে বলেন, এই এলাকার এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী। আমরা এই সমস্ত মাসুম বাচ্চাদেরকেও রক্ষা করতে পারলাম না। মৃত্যু মানুষেরই হয়, এমন করুণ মৃত্যু দেখিনি। নিষ্পাপ ছোট বাচ্চা, মাত্র ১৩ বছর বয়স। আমি অবিলম্বে অপরাধীকে শনাক্ত এবং গ্রেপ্তার করে ৯০ দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এমপি মনিরুল হক চৌধুরী বলেন, অপ্রতিমের মায়ের সঙ্গে দেখা করে কী জবাব দেবো, জানি না। অবিলম্বে অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আমার মেয়েরা বিদেশ থেকে টেলিফোন করে বলে আব্বা এটা কী হলো? আমি কী জবাব দেব? আমার কোনো জবাব নেই। আমি শুধু বলব, স্বরাষ্ট্রমন্ত্রী অনুগ্রহ করে দেখুন। কিশোরদেরকে রক্ষা করুন এদের হাত থেকে। না হলে জাতি বিপদগ্রস্ত হবে।তিনি বলেন, আমার সঙ্গে এসপি সাহেবের কথা হয়েছে। জরুরি ভিত্তিতে গ্রেপ্তার করার জন্য অনুরোধ করেছি। তিনি বলেছেন, তারা কার্যকর ব্যবস্থা নিচ্ছেন। জাতির ইতিহাসে যে কয়টি লজ্জাজনক ঘটনা ঘটেছে, এটি তার মধ্যে একটি। এ ঘটনায় সবার বিবেক জাগ্রত হওয়া উচিত।এদিকে, অপ্রতিম হত্যার ঘটনায় একাধিক ক্লু (আলামত) পেয়েছে পুলিশ। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একাধিকজন পুলিশের হেফাজতে রয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত