প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
এক ঘণ্টায় শেষ সব টিকিট, বৃষ্টির শঙ্কায় ঐতিহাসিক ভারত-জাপান ম্যাচ
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
ক্রিকেটে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও জাপান। ভারত-জাপান কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘সুজুকি কাপ’-এর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি মঙ্গলবার জাপানের সানো আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হওয়ার কথা ম্যাচটি। দুই দলের জন্যই ম্যাচটি ঐতিহাসিক। ভারতের বিপক্ষে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামবে জাপান। ভারতের বর্তমান টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন এবং র্যাঙ্কিংয়ের শীর্ষ দল হওয়ায় দুই দলের অভিজ্ঞতা ও শক্তির ব্যবধানও বেশ বড়। জাপানের র্যাঙ্কিং ৪১তম। ম্যাচটি ঘিরে জাপানে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। দর্শকদের চাহিদার কথা বিবেচনা করে স্টেডিয়ামের ধারণক্ষমতা বাড়িয়ে প্রায় ৩ হাজার করা হলেও তাতেও টিকিটের চাহিদা সামাল দেওয়া যায়নি। মাত্র এক ঘণ্টার মধ্যেই নির্ধারিত টিকিট বিক্রি শেষ হয়ে যায়। জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, ম্যাচটির জন্য অতিরিক্ত কিছু বাতিল হওয়া টিকিট পরে পুনরায় বিক্রির ব্যবস্থা করা হয়েছিল। সেটিই ছিল শেষ দফার টিকিট বিক্রির উদ্যোগ। ম্যাচের দিন নতুন করে টিকিট বিক্রির পরিকল্পনা নেই বলেও জানানো হয়েছিল। এদিকে ম্যাচের আগে সবচেয়ে বড় উদ্বেগ হয়ে দেখা দিয়েছে আবহাওয়া। বৃষ্টির কারণে ঐতিহাসিক ম্যাচটি নির্বিঘ্নে মাঠে গড়াবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে। জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী, খেলা শুরুর আগেই বৃষ্টি বা অন্য কোনো কারণে ম্যাচ বাতিল হলে টিকিটের মূল্য ফেরত দেওয়ার ব্যবস্থা রয়েছে। এশিয়ান গেমসের ঠিক আগে হওয়ায় ম্যাচটি দুই দলের জন্যই প্রস্তুতির গুরুত্বপূর্ণ সুযোগ। জাপানের জন্য শক্তিশালী ভারতের বিপক্ষে খেলার অভিজ্ঞতা যেমন বড় অর্জন, তেমনি এশিয়ান গেমসের আগে নিজেদের প্রস্তুতিও যাচাই করে নেওয়ার সুযোগ পাচ্ছে দলটি।
ভারত-জাপান কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই ম্যাচটি ‘স্পোর্ট ৭৫’ উদ্যোগের অংশ। জাপানে ক্রিকেটের প্রসার এবং দুই দেশের ক্রীড়া সম্পর্ক আরও গভীর করাও এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত