প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
দুই মাস ধরে ওসি নেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায়, কেন এত দেরি?
নিজস্ব প্রতিবেদক ||
ঢাকার কেরানীগঞ্জের গুরুত্বপূর্ণ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় প্রায় দুই মাস ধরে অফিসার ইনচার্জ (ওসি) নেই। সর্বশেষ ওসি সাইফুল আলমকে বদলি করে সাভার থানায় দায়িত্ব দেওয়া হলেও এরপর থানাটিতে নতুন করে কাউকে আর ওসি হিসেবে পদায়ন করা হয়নি।দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি, ভূমি দখলসহ বিভিন্ন অপরাধের পাশাপাশি সম্প্রতি থানার পরিত্যক্ত গাড়িতে অগ্নিসংযোগ ও আবদুল্লাপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে।কেরানীগঞ্জ উপজেলায় দুটি থানা:কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, উপজেলাটিতে ১০ লাখ ১১ হাজার ৬৩ জন মানুষের বসবাস। স্থানীয় সূত্রের হিসাবে, দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকার জনসংখ্যা প্রায় ৬ থেকে ৭ লাখ।দক্ষিণ কেরানীগঞ্জ থানা সূত্র ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন বিভিন্ন অভিযোগ নিয়ে মানুষ থানায় আসছেন। তবে ওসি না থাকায় থানার সার্বিক কার্যক্রম ও অপরাধ নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে।সম্প্রতি থানার পরিত্যক্ত একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগে বা একই সময়ে আবদুল্লাপুর এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে থানায় স্থায়ী ওসি না থাকায় অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। তাঁদের দাবি, বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। বাসস্ট্যান্ড, ট্রাকস্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ডকেন্দ্রিক চাঁদাবাজির পাশাপাশি ভূমি-সংক্রান্ত বিরোধও বাড়ছে বলে তাঁরা জানান।আসিফ আকবর নামে স্থানীয় বাসিন্দা বলেন, ‘থানায় একজন পূর্ণাঙ্গ ওসি থাকলে সাধারণ মানুষ অভিযোগ নিয়ে সরাসরি তাঁর কাছে যেতে পারেন। দীর্ঘদিন ধরে পদটি শূন্য থাকায় মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকার কেরানীগঞ্জের স্থানীয় বাসিন্দা সালমান ঢাকার কণ্ঠকে বলেন, কেরানীগঞ্জে সন্ত্রাসী কর্মকান্ড দিনের পর দিন বাড়ছে। থানার অফিসার ইনচার্জ না থাকার কারণে অপরাধীরা আরও শক্তিশালী হচ্ছে। দ্রুত থানায় ওসি নিয়োগ দেওয়া হোক তাহলে অপরাধ কমে যাবে। করিম নামে এক ফল ব্যবসায়ী জানান, কেরানীগঞ্জের মধ্যে আবদা করে একটু গুরুত্বপূর্ণ জায়গা, অধিকাংশ লোক প্রবাসে থাকলে। ব্যাংক এবং স্বর্ণ ব্যবসার দোকান থেকে শুরু করে সবাই এখন আতঙ্কে আছে। আমরা ফুটপাতে দোকান করে জীবিকা নির্বাহ করে থাকি। একটি থানার ওসি না থাকলে সে এলাকায় আইনশৃঙ্খলা অবনতি হবে এটাই স্বাভাবিক। তাই দ্রুত ওসি নিয়োগের দাবি জানান এই ব্যবসায়ী।এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম ঢাকার কণ্ঠকে বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ একটি গুরুত্বপূর্ণ থানা। সেখানে দায়িত্বশীল, দক্ষ ও বিচক্ষণ একজন কর্মকর্তাকে ওসি হিসেবে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।তিনি বলেন, ‘শিগগিরই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ওসি নিয়োগ দেওয়ার জন্য ঢাকা জেলা পুলিশ কাজ করছে।’স্থানীয় বাসিন্দারা দ্রুত ওসি নিয়োগের পাশাপাশি সাম্প্রতিক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত