প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
গুগলের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত, জরিমানা ৪০৩ মিলিয়ন ইউরো
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
ব্যবহারকারীদের অবস্থানসংক্রান্ত তথ্য (লোকেশন ডেটা) প্রক্রিয়াকরণে ইউরোপীয় ইউনিয়নের তথ্য সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা করেছে আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি)। জরিমানার পরিমাণ প্রায় ৪৬৩ মিলিয়ন মার্কিন ডলার। সোমবার (২১ সেপ্টেম্বর) ডিপিসি জানায়, ২০১৮ সালের ২৫ মে থেকে ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত গুগলের তিনটি ফিচারে ব্যবহারকারীদের লোকেশন ডেটা প্রক্রিয়াকরণ নিয়ে তদন্ত করা হয়। ফিচারগুলো হলো ‘ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি’, ‘লোকেশন হিস্ট্রি’ এবং ‘লোকেশন অ্যাকিউরেসি’। তদন্তে ডিপিসি দেখতে পায়, ‘ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি’ ও ‘লোকেশন হিস্ট্রি’-এর মাধ্যমে লোকেশন তথ্য ব্যবহারে আইনানুগতা ও ন্যায্যতার ঘাটতি ছিল। পাশাপাশি তিনটি ফিচারের ক্ষেত্রেই তথ্য ব্যবহারের বিষয়ে স্বচ্ছতার ঘাটতি এবং কিছু লোকেশন ডেটা প্রয়োজনের চেয়ে বেশি সময় ধরে সংরক্ষণের বিষয়টি উঠে আসে। ডিপিসির ভাষ্য অনুযায়ী, এর ফলে অনেক ব্যবহারকারী হয়তো জানতেন না যে তাদের অবস্থানসংক্রান্ত তথ্য বিজ্ঞাপন প্রভাবিত করতে বা তাদের আগ্রহ সম্পর্কে ধারণা তৈরি করতে ব্যবহার করা হতে পারে। দীর্ঘ সময় ধরে তথ্য সংরক্ষণ করায় ব্যক্তিগত তথ্যের ওপর ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ আরও কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। ২০২০ সালের ফেব্রুয়ারিতে ইউরোপের কয়েকটি ভোক্তা অধিকার সংগঠনের অভিযোগের পর তদন্তটি শুরু করে ডিপিসি। এর মধ্যে ইউরোপীয় ভোক্তা সংগঠনগুলোর জোট BEUC-ও ছিল। আয়ারল্যান্ডে গুগলের ইউরোপীয় কার্যক্রমের কারণে দেশটির ডিপিসি প্রতিষ্ঠানটির প্রধান ইউরোপীয় তদারকি কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। জরিমানার পাশাপাশি গুগলকে ছয় মাসের মধ্যে সংশ্লিষ্ট তথ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা জিডিপিআরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। গুগল জানিয়েছে, মামলাটি মূলত পুরোনো নীতিমালা ও কার্যক্রমকে কেন্দ্র করে। প্রতিষ্ঠানটির দাবি, ২০১৯ সাল থেকে লোকেশন ডেটা ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে; এর মধ্যে স্বয়ংক্রিয়ভাবে তথ্য মুছে ফেলার সুবিধা, বিজ্ঞাপন নিয়ন্ত্রণের ব্যবস্থা এবং তথ্য ব্যবহারের বিষয়ে আরও স্বচ্ছতা বাড়ানোর পদক্ষেপ রয়েছে।
৪০৩ মিলিয়ন ইউরোর এই জরিমানা জিডিপিআর কার্যকর হওয়ার পর আয়ারল্যান্ডের ডিপিসির দেওয়া চতুর্থ বৃহত্তম জরিমানা। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরও তিনটি তদন্তও চলমান রয়েছে বলে জানিয়েছে ডিপিসি।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত