প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াত কর্মীকে আ: লীগের ট্যাগ দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে কেরানীগঞ্জে বিক্ষোভ
কেরানীগঞ্জ প্রতিনিধি ||
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মীকে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে জামায়াত কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে কেরানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জ উপজেলার কদমতলী গোলচত্বর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ মডেল থানা জামায়াতের আমির আব্দুর রহিম মজুমদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. দেলোয়ার হোসাইন। এতে ঢাকা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মো. শাহীনুর ইসলামসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মো. দেলোয়ার হোসাইন অভিযোগ করেন, বর্তমান সরকার নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে প্রশাসনের মাধ্যমে আওয়ামী লীগের মতো নাটক করে জামায়াতের নেতাকর্মীদের আওয়ামী লীগের ‘ট্যাগ’ লাগিয়ে গ্রেপ্তার ও হয়রানি করছে। তিনি আরও বলেন, জনগণ আর তাদের চায় না। তাদের আমলনামা জনগণের কাছে স্পষ্ট হয়েছে। দ্রুত সব অপকর্ম থেকে বের হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তিনি। অন্যথায় জনগণ আওয়ামী লীগের মতো তাদেরও বিতাড়িত করবে বলে মন্তব্য করেন। এ সময় কেরানীগঞ্জ মডেল থানা জামায়াতের এক কর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তারের অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জেলা জামায়াতের আমির। পরে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল ও দুই থানায় স্মারক লিপি প্রদান করেন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত