প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
কেরানীগঞ্জে অভিযান, গ্রেপ্তার অপহরণ মামলার ‘মুরগী কালু’
প্রতিবেদক শেখ ফরিদ ||
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে অপহরণ মামলার এজাহারনামীয় আসামি মো. কালু মিয়া ওরফে ‘মুরগী কালু’কে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।এসআরবি-১০ জানায়, গত ১৭ আগস্ট সকাল সোয়া ৯টার দিকে গেন্ডারিয়া থানাধীন দয়াগঞ্জ মোড় এলাকায় একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের বিপরীতে চা বিক্রি করছিলেন মো. আল আমিন (২৬)। এ সময় পূর্ববিরোধের জেরে কালু মিয়াসহ কয়েকজন একটি কালো রঙের হায়েস গাড়িতে করে সেখানে গিয়ে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।পরে আল আমিনকে গেন্ডারিয়ার ডিস্ট্রিলারী রোড এলাকার একটি নির্মাণাধীন ভবনের কক্ষে নিয়ে হাত-পা বেঁধে আটকে রাখা হয় বলে জানায় এসআরবি। খবর পেয়ে গেন্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. নুরু ব্যাপারী বাদী হয়ে গেন্ডারিয়া থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তার পাঠানো অধিযাচন পত্রের ভিত্তিতে এসআরবি-১০ গোয়েন্দা নজরদারি শুরু করে।এরই ধারাবাহিকতায় বুধবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি কালু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১০ জানিয়েছে, অপহরণ, সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি এ ধরনের অপরাধ সম্পর্কে তথ্য পেলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত