প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বমঞ্চে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববাসীর উদ্দেশে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্ক সময় বিকেল ৫টার দিকে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে, যা বাংলাদেশ সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে এটিই তারেক রহমানের প্রথম ভাষণ। এ ভাষণের মধ্য দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার নজির তৈরি হবে। এর আগে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালে এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, তারেক রহমান বাংলায় বক্তব্য দেবেন। ভাষণে বাংলাদেশের জাতীয় আকাঙ্ক্ষা ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু তুলে ধরা হবে। এর আগে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন ও জবাবদিহি, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয় গুরুত্ব পাবে। একই সঙ্গে যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ন্যায্য ব্যবহার এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারের বিষয়ও উঠে আসার কথা রয়েছে। জাতিসংঘ সফরের শুরু থেকেই রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন নিয়ে বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী। ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের এক অনুষ্ঠানে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান তিনি। এ ছাড়া বৃহস্পতিবার জলবায়ু কার্যক্রম ও ন্যায্য রূপান্তর বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকেও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। সেখানে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক সম্মিলিত পদক্ষেপের ওপর গুরুত্ব দেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি সফরকালে তারেক রহমানের একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত