প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
সংবিধান সংশোধনে সবার মতামত নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
সব পক্ষের সঙ্গে আলোচনা করে সংবিধানে একটি অংশগ্রহণমূলক বা ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির চতুর্থ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংশোধনের বিষয়ে আলোচনার দ্বার সবার জন্য উন্মুক্ত। বিরোধী দলকে বিশেষ কমিটিতে নাম দেওয়ার পাশাপাশি আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তাদের প্রস্তাব ও মতামতও সংশোধন প্রক্রিয়ায় বিবেচনা করা হবে। আগের বৈঠকগুলোতেও তিনি বিরোধী দলের অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছিলেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সামাজিক শক্তি, সংগঠন ও ব্যক্তিত্বের সঙ্গে আলোচনা করা হবে। গত ১৭ বছরে গুম, খুন ও নিপীড়নের শিকার ব্যক্তিদের পরিবার এবং জীবিত ভুক্তভোগীদের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করা হবে। একইভাবে জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের প্রতিনিধিদের কাছ থেকেও মতামত নেওয়ার কথা জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শেষে সংবিধান বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। এরপর তাদের পরামর্শের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপন করা হবে। সংসদে বিল উত্থাপনের পরও আলোচনা এবং সংসদের বাইরেও মতামত নেওয়ার সুযোগ থাকবে বলে জানান তিনি।বৈঠকে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে। সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ একটি এককেন্দ্রিক রাষ্ট্র হওয়ায় দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনার একটি প্রস্তাব এসেছে। তবে জুলাই জাতীয় সনদে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে যে ঐকমত্য হয়েছে, সেই অনুযায়ী এগিয়ে যাওয়ার কথা জানান তিনি।এ ছাড়া বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়েও বৈঠকে মতামত নেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার গঠন ও এর প্রক্রিয়া নিয়ে যেসব প্রস্তাব এসেছে, সেগুলো রেকর্ড করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আগের বৈঠকগুলোর ধারাবাহিকতায় বিশেষ কমিটি ডিসেম্বরের মধ্যে তাদের প্রতিবেদন চূড়ান্ত করার লক্ষ্য জানিয়েছে এবং পরবর্তী সময়ে সংসদে সংশোধনী বিল আনার পরিকল্পনার কথা জানিয়েছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত