প্রিন্ট এর তারিখ : ০২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
রাশিয়ার ড্রোন হামলায় সেতু বন্ধ, কিয়েভে তীব্র যানজট
আন্তর্জাতিক ডেস্ক ||
রাশিয়ার নতুন দফার ড্রোন হামলার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে তীব্র যানজট তৈরি হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সাউদার্ন ব্রিজ পুরোপুরি বন্ধ করে দেওয়ার পাশাপাশি আরও দুটি সেতুতে যান চলাচল সীমিত করায় শুক্রবার (২ অক্টোবর) সকাল থেকে প্রধান সড়কগুলোতে দীর্ঘ যানজট দেখা দেয়। দনিপ্রো নদীর ওপর দিয়ে কিয়েভের পূর্ব ও পশ্চিম অংশকে যুক্ত করা সাউদার্ন ব্রিজের দুই দিকের যান চলাচলই বন্ধ করে দেওয়া হয়েছে। মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, পাটন ব্রিজে একদিকে যান চলাচলের অনুমতি রয়েছে। অন্যদিকে মেট্রো ব্রিজেও চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ক্লিৎসকোর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রুশ ড্রোন সাউদার্ন ব্রিজের বিভিন্ন অবকাঠামোতে আঘাত হানে। এতে সেতুর একটি পিলার, সড়কের অংশ এবং মেট্রো লাইনের পাশের সুরক্ষামূলক কংক্রিট কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এরপর সেতুটি সাময়িকভাবে বন্ধ করে কাঠামোগত নিরাপত্তা পরীক্ষা করা হয়। পরে সেতুটি আবার যানবাহন ও মেট্রোর জন্য খুলে দেওয়া হলেও বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত সেখানে আবারও ড্রোন হামলা হয়। এর পরই সেতুটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করায় কিয়েভের বিভিন্ন সড়কে দীর্ঘ সারি তৈরি হয়। হামলার প্রভাব শুধু যোগাযোগ ব্যবস্থাতেই সীমাবদ্ধ থাকেনি। কিয়েভের দারনিতস্কি এলাকায় একটি ২৫ তলা আবাসিক ভবনে হামলায় আগুন ধরে যায়। ইউক্রেনের জরুরি পরিষেবার তথ্য অনুযায়ী, এতে একজন নিহত এবং অন্তত দুজন আহত হয়েছেন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সেতুগুলোতে বিধিনিষেধের কারণে অনেক মানুষ বিকল্প পথে যাতায়াতের চেষ্টা করেন এবং রাজধানীর প্রধান সড়কগুলোতে গাড়ি ও বাসের দীর্ঘ সারি দেখা যায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার নতুন ধরনের ড্রোন উৎপাদনে ব্যবহৃত বিদেশি যন্ত্রাংশের সরবরাহ বন্ধে আরও কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেছেন, এসব ড্রোন আগের মডেলের তুলনায় দ্রুতগতির এবং প্রতিহত করা কঠিন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত