প্রিন্ট এর তারিখ : ০৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ বিডিআর বিদ্রোহ মামলার বন্দীর ঢামেকে মৃত্যু
কেরানীগঞ্জ প্রতিনিধি ||
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ জাকারিয়া মোল্লা (৬৩) নামে এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। তিনি বিডিআর বিদ্রোহ মামলার আসামি ছিলেন।সোমবার (৫ অক্টোবর) ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।কারারক্ষী আমিরুল ইসলাম জানান, গত ২৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন জাকারিয়া মোল্লা। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে ভর্তি করেন। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।কারারক্ষী আরও জানান, জাকারিয়া মোল্লা বিডিআর বিদ্রোহ মামলায় কারাবন্দী ছিলেন। কারাগারে তাঁর কয়েদি নম্বর ১৭৯৮/এ। তাঁর বাবার নাম মৃত হারুন অর রশিদ মোল্লা। তাঁর বাড়ি ঢাকার পিলখানা বিডিআর এলাকায়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জাকারিয়া মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত