প্রিন্ট এর তারিখ : ০৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
ঢাবিতে রাতের বৈঠক গড়াল সংঘর্ষে, আহত ছাত্রদলের সদস্যসচিবসহ ৪
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
পূর্ববিরোধ মীমাংসার জন্য বৈঠকে বসার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই হলের ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী ও আরবি বিভাগের শিক্ষার্থী রমজান আলী, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার লিওন, একই হলের সদস্য সাইফ আলী শিথিল এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজ সৌরভ। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের একপর্যায়ে রমজান আলী অচেতন হয়ে পড়লে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। জানা গেছে, কয়েক দিন আগে মোটরসাইকেল চলাচলকে কেন্দ্র করে সূর্যসেন হলের ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম তারেক ও মাহফুজ সৌরভের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। তারেকের অভিযোগ, মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় সৌরভ তার কাছাকাছি চলে এলে তিনি প্রতিবাদ করেন এবং পরে তাকে মারধর করা হয়। বিষয়টি নিয়ে পরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরপর সৌরভের মোটরসাইকেলটি সূর্যসেন হলে নিয়ে যাওয়ার দাবি ওঠে। সেটি ফেরত দেওয়া এবং আগের বিরোধ মীমাংসার জন্য বুধবার রাতে প্রশাসনিক ভবনের সামনের মল চত্বরে দুই পক্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা বৈঠকে বসেন। সেখানেই একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের কারণ নিয়ে দুই পক্ষের বক্তব্যও ভিন্ন। সূর্যসেন হলের শিক্ষার্থী ফাইম শাহরিয়ার সাজিবের অভিযোগ, মীমাংসার সময় জহুরুল হক হলের ছাত্রদলের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা করেন। তবে অভিযোগ অস্বীকার করে শাহরিয়ার লিওন দাবি করেছেন, সৌরভ ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পর সূর্যসেন হলের লোকজনই হঠাৎ তাদের ওপর হামলা চালায়। অন্যদিকে মাহফুজ সৌরভের অভিযোগ, তার মোটরসাইকেল আটকে রেখে সেটি ফেরত দেওয়ার বিনিময়ে তার কাছে এক লাখ টাকা দাবি করা হয়েছিল। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্যও ভিন্ন। ফলে ঘটনার প্রকৃত কারণ ও সংঘর্ষের সূত্রপাত নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বৃহস্পতিবার সকালে জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। তবে এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। প্রশাসন বিষয়টি পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত