প্রিন্ট এর তারিখ : ০৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
ফ্যাসিস্ট আমলে হিন্দুদের দখল হওয়া জমি উদ্ধার করেছে বিএনপি: আমান উল্লাহ আমান
কেরানীগঞ্জ প্রতিনিধি ||
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ডাকসুর ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, “গত ১৭ বছরে ফ্যাসিস্টরাই হিন্দুদের জায়গা দখল করে রেখেছিল। বিএনপি তা উদ্ধার করে দিয়েছে।” আজ শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ঢাকা-২ আসনের খোলামোড়া ছৈয়ালবাড়ী প্রতিমা বিসর্জনঘাট উদ্বোধন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ এবং কেরাণীগঞ্জ উপজেলার ৮৭টি মন্দিরে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য—‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’ এই নীতিকে সামনে রেখে কেরাণীগঞ্জের বিএনপি নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা নির্বিঘ্ন করতে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবেন। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তিন শিফটে পাহারার ব্যবস্থা করা হবে। তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষকে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।কেরাণীগঞ্জ মডেল উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিপেন চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমান উল্লাহ আমান আরও বলেন, দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি দল উন্নয়ন বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র শুরু করেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।প্রধানমন্ত্রী তারেক রহমানের জীবনযাপন প্রসঙ্গে তিনি বলেন, “এমন সাদামাটা প্রধানমন্ত্রী কি কখনো দেখেছেন? তিনি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে যান, হেঁটে হেঁটে অফিস করেন।” তিনি আরও বলেন, “আপনারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমাকে ভোট দিয়েছেন। আমি সেই ভোটের প্রতিদান দেব।”অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ মডেল উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিবাস সরকার, কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, সহসাধারণ সম্পাদক মনিরুল হক মনিরসহ অনেকে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত