প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা, সঙ্গে তৃণমূলের একাধিক নেতা
আন্তর্জাতিক ডেস্ক ||
ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি চলাকালে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে পুলিশ।শনিবার (১০ অক্টোবর) সাউথ অ্যাভিনিউ এলাকায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্নায় বসার পর তাঁকে আটক করা হয়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাঁর সঙ্গে তৃণমূলের আরও কয়েকজন নেতাকেও আটক করা হয়েছে। আটক হওয়া তৃণমূল নেতাদের মধ্যে রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সামিরুল ইসলাম ও সাকেত গোখলে। মমতা ও অন্য নেতারা সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ডের কাছে অবস্থান নেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, দিল্লি পুলিশ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা অনুযায়ী জমায়েত ও বিক্ষোভের ওপর বিধিনিষেধের কথা জানায়। পাঁচজন বা তার বেশি মানুষের জমায়েতের জন্য অনুমতি না থাকায় পুলিশ তাঁদের অবস্থান প্রত্যাহার করতে বলে। মমতা ধর্না থেকে সরে যেতে রাজি না হওয়ায় পুলিশ তাঁকে প্রিজন ভ্যানে তোলে বলে কালবেলার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির পাশাপাশি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে বিরোধীদের আপত্তি থেকেই প্রতিবাদ কর্মসূচির সূত্রপাত। বিরোধী দলগুলোর অভিযোগ, এই প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনায় অনিয়ম হয়েছে। তবে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনকে যাচাই ও হালনাগাদের প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেছে।এদিন দিল্লিতে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নসহ আরও বিরোধী নেতাকর্মীকে আটক করার খবরও প্রকাশিত হয়েছে। বিক্ষোভ ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার, ব্যারিকেড এবং চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত