প্রিন্ট এর তারিখ : ১৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে ফেল? ১৫ দিনের মধ্যেই আবার পরীক্ষার ঘোষণা শিক্ষামন্ত্রীর
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়ার উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পুনঃপরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষায় থাকবে, নাকি কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় যাবে, তা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তিনি।মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। একই বক্তব্য নিয়ে আজ একাধিক সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।শিক্ষামন্ত্রী বলেন, যারা পাস করেছে, তারা তো করেছেই; তবে ঝরে পড়া ও অকৃতকার্য শিক্ষার্থীদের কীভাবে আবার শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে আগে ভাবতে হবে। তাঁদের পুনরুজ্জীবিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।পুনঃপরীক্ষার পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, সর্বোচ্চ দুটি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় ফলের ভিত্তিতে তাঁদের পরবর্তী শিক্ষাপথ নির্ধারণ করা হবে। সাধারণ শিক্ষাব্যবস্থায় থাকতে না পারলে তাঁদের কারিগরি বা ভোকেশনাল শিক্ষায় নেওয়ার পরিকল্পনা রয়েছে।শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশে নৈতিকতার অবক্ষয় রোধে নতুন প্রজন্মকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এ জন্য চতুর্থ শ্রেণি থেকেই সংস্কৃতি, খেলাধুলা, নৈতিকতা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের রুটিন দায়িত্বে থাকা ড. সরদার কেরামত আলী।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনউদ্দিন আল মাহমুদ সোহেল, নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক এবং বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত