প্রিন্ট এর তারিখ : ১৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে আলোচনা ইতিবাচক, চূড়ান্ত সিদ্ধান্ত কবে?
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম এবং সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অংশীদারত্বের ভিত্তিতে দুই সংস্থার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে সরকার আশাবাদী।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার ফাঁকে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।অর্থমন্ত্রী জানান, বাংলাদেশের উত্তরাধিকারসূত্রে পাওয়া অর্থনৈতিক পরিস্থিতি এবং চলমান বৈশ্বিক যুদ্ধের প্রভাব বিবেচনায় নিয়ে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সন্তুষ্ট আইএমএফ। গত কয়েক দিনে বাংলাদেশি প্রতিনিধিদলের সঙ্গে সংস্থাটির বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তথ্য আদান-প্রদানের পাশাপাশি অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যালোচনা করা হয়েছে।ব্যাংকিং খাতের সংস্কার, কর-জিডিপি অনুপাত এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আইএমএফের কিছু পর্যবেক্ষণ রয়েছে বলে জানান আমির খসরু। বাংলাদেশেরও কয়েকটি বিষয়ে নিজস্ব পর্যবেক্ষণ রয়েছে। এসব বিষয়ে ইতোমধ্যে অগ্রগতি হয়েছে এবং কিছু সমস্যার সমাধান করা হয়েছে। বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।নতুন কর্মসূচি নিয়ে আলোচনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে এ বিষয়ে আলোচনা ভালো হয়েছে এবং তা এগিয়ে নেওয়া হচ্ছে। আগামী দিনগুলোতে আলোচনা অব্যাহত রেখে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে কর্মসূচির শর্ত ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা আরও কয়েক মাস চলতে পারে।আইএমএফের ঋণসহায়তা পেতে কিছু শর্ত পূরণ করতে হবে উল্লেখ করে আমির খসরু বলেন, কোনো কোনো বিষয়ে মতপার্থক্য থাকলে তা ধৈর্য ধরে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। সরকারের নির্বাচনী ইশতেহার ও নিজস্ব উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্কার কার্যক্রম বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিশ্বব্যাংক, আইএমএফসহ বহুপক্ষীয় উন্নয়ন সহযোগীদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করার পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী। তাঁর ভাষ্য, বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক কৌশল রয়েছে এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে চায় সরকার।উল্লেখ্য, আইএমএফ ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভা ১২ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে শুরু হয়েছে। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত চলবে এ সভা। এতে বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, নীতিনির্ধারক ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত