প্রিন্ট এর তারিখ : ১৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
ক্যানসারের ওষুধ পাচার, চীনা নারীসহ গ্রেপ্তার ৪
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
বাংলাদেশে উৎপাদিত ক্যানসারসহ জটিল ও দুরারোগ্য রোগের চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ওষুধ রাজস্ব ফাঁকি দিয়ে বিদেশে পাচারের অভিযোগে চীনা এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৩। এ সময় নগদ অর্থসহ প্রায় সাড়ে ৭ কোটি টাকা বাজারমূল্যের বাংলাদেশি ওষুধ জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন।এর আগে বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চীনা নাগরিক লি ফেন (৩৪), বকুল নাহার বীথি (২৪), ইউনুস আলী (২৬) ও সজীব হাওলাদার (২৮)।এসআরবি-৩-এর ভাষ্য অনুযায়ী, চক্রটি দীর্ঘদিন ধরে বাংলাদেশে তুলনামূলক কম দামে পাওয়া বিভিন্ন ওষুধ বিদেশে পাঠিয়ে আসছিল। এর মধ্যে ক্যানসারসহ জটিল ও দুরারোগ্য রোগের চিকিৎসায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ ওষুধও রয়েছে। লাওস, কম্বোডিয়া, ভিয়েতনামসহ বিশ্বের বিভিন্ন দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসব ওষুধ পাচার করা হতো বলে অভিযোগ রয়েছে।চক্রটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ২৪ থেকে ২৫ কেজি ওজনের কার্টনে করে এসব ওষুধ বিদেশে পাঠাত বলে জানিয়েছে এসআরবি-৩। সংস্থাটির দাবি, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চালানো হচ্ছিল।অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন, বিভিন্ন ওষুধ কোম্পানির কিছু অসাধু কর্মচারী অধিক মুনাফার আশায় চক্রটির সঙ্গে যুক্ত থাকতে পারেন। তাঁদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি জব্দ করা ওষুধের ধরন ও পরিমাণ, পাচারচক্রের অন্য সদস্য এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীদের ভূমিকা তদন্ত করা হচ্ছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত