প্রিন্ট এর তারিখ : ১৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেও সবার উচিত একটি স্বাস্থ্যকর শহর গড়ে তোলার চেষ্টা করা।সোমবার (১৯ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, কেউই চান না তাঁর সন্তান নোংরা, জীবাণুযুক্ত ও অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে উঠুক। সন্তান শুধু নিজের বাসা বা এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে না; স্কুল, কলেজ, খেলার মাঠসহ নগরীর বিভিন্ন স্থানে যাতায়াত করে। তাই শুধু নিজের বাড়ির আশপাশ নয়, পুরো ঢাকা শহর পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিতে হবে।ঢাকার অন্যতম বড় সমস্যা আবর্জনা ও অপরিচ্ছন্নতা উল্লেখ করে তারেক রহমান বলেন, এক দিন বা সাত দিনে এ সমস্যার সমাধান সম্ভব নয়। তবে সবাই আন্তরিকভাবে চেষ্টা করলে ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন আনা সম্ভব। এ ক্ষেত্রে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা ও নিজেদের ওপর আত্মবিশ্বাস থাকা জরুরি।কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নগরীর কোথায় কী সমস্যা রয়েছে, তা চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নিতে হবে। তিনি নিজেও বিভিন্ন এলাকায় গিয়ে সমস্যা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন বলে জানান। কর্মকর্তা-কর্মচারীরাও একইভাবে দায়িত্ব পালন করলে নগরীর সেবার মান উন্নত করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।বিদেশের পরিচ্ছন্ন শহরগুলোর উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, একসময় লন্ডনের বিভিন্ন এলাকাতেও ময়লা-আবর্জনার সমস্যা ছিল। দীর্ঘদিনের প্রচেষ্টা ও নাগরিক সচেতনতার মাধ্যমে সেখানে পরিবর্তন এসেছে। তাই অন্য শহরের পরিচ্ছন্নতা দেখে শুধু আফসোস না করে নিজেদেরও দায়িত্ব পালন করতে হবে।ঢাকার পরিচ্ছন্নতা পরিস্থিতিতে কিছুটা উন্নতি হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানের এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে সাম্প্রতিক কথোপকথনের প্রসঙ্গ টেনে তিনি জানান, ওই কর্মকর্তা ঢাকার পরিচ্ছন্নতা আগের তুলনায় কিছুটা ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, এ অগ্রগতি ধরে রেখে আরও উন্নতি করার সুযোগ রয়েছে।প্রধানমন্ত্রী আরও বলেন, প্রত্যেককে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি আত্মসমালোচনা করতে হবে। নিজের কাজ কতটা সঠিকভাবে করা হচ্ছে এবং সমস্যা সমাধানে কতটা চেষ্টা করা হচ্ছে, তা নিয়মিত মূল্যায়ন করা প্রয়োজন।এর আগে প্রধানমন্ত্রী নগর ভবনের জরুরি পরিচালন কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে আবহাওয়া, ভূমিকম্প, বাতাসের গতিবেগ, বন্যার পূর্বাভাস ও বায়ুর মান পর্যবেক্ষণের বিভিন্ন ওয়েবসাইট দেখেন এবং এসব তথ্য কীভাবে কাজে লাগানো হয়, সে বিষয়ে খোঁজ নেন। এ ছাড়া ফেসবুক লাইভের মাধ্যমে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে তৈরি ভিডিওচিত্র দেখেন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত