প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর বাস নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, কারাগারে ২২ বছরের যুবক
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাসের ছবি নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে মো. আবু বকর সিদ্দিক (২২) নামে এক যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন।পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. শাহ আলম আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, গত ২১ অক্টোবর ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক গ্রুপে প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবি পোস্ট করা হয়। পোস্টটিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাস ব্যবহারের বিষয়ে প্রশ্ন তোলা হয়েছিল। ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক আইডি থেকে আপত্তিকর মন্তব্য করা হয়।পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই আইডির ব্যবহারকারীকে শনাক্ত করে রাজশাহীর পবা থানার ঘোলহাড়িয়া দক্ষিণপাড়া এলাকা থেকে আবু বকরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বাবাকেও আটক করা হলেও প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।পুলিশের আবেদনে আরও বলা হয়, গ্রেপ্তারের সময় আবু বকরের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ফোনটি পর্যালোচনা করে বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে আপত্তিকর মন্তব্যের তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ।মামলার তদন্তের স্বার্থে তাঁকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এ ঘটনায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর রমনা থানায় মামলা করা হয়েছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত