প্রিন্ট এর তারিখ : ২৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, পিএইচপিতে ভয়ংকর দুই ত্রুটি
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
ওয়েবসাইট তৈরিতে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর দুটি নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। এসব দুর্বলতা কাজে লাগিয়ে হ্যাকাররা দূর থেকেই আক্রান্ত সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারেন। এতে গুরুত্বপূর্ণ তথ্য চুরি, ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল এবং ভবিষ্যতে আবারও সার্ভারে প্রবেশের সুযোগ তৈরির আশঙ্কা রয়েছে।প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, ‘পিএইচপি২শেল’ নামে পরিচিত ত্রুটি দুটির শনাক্তকরণ নম্বর CVE-2026-109618 ও CVE-2026-109619। ত্রুটিগুলো সমাধানে পিএইচপি ফাউন্ডেশন নিরাপত্তা আপডেট প্রকাশ করেছে। তবে সব সার্ভারে আপডেট ইনস্টল না হওয়ায় পুরোনো সংস্করণ ব্যবহারকারী ওয়েবসাইটগুলো ঝুঁকিতে থাকতে পারে।পিএইচপি বিশ্বের বহুল ব্যবহৃত সার্ভার-সাইড প্রোগ্রামিং ভাষাগুলোর একটি। ওয়ার্ডপ্রেস, ড্রুপাল ও জুমলার মতো জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মেও এটি ব্যবহৃত হয়। ফলে নিরাপত্তা দুর্বলতাগুলোর প্রভাব ব্যাপক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।কীভাবে কাজ করে নিরাপত্তা ত্রুটি?প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে ত্রুটি দুটি শনাক্ত হলেও সম্প্রতি এগুলো কাজে লাগিয়ে কার্যকর আক্রমণ চালানোর কৌশল বের করেন নিরাপত্তা গবেষকেরা। বিষয়টি পিএইচপি ফাউন্ডেশনকে জানানোর পর দুর্বলতা দূর করতে নিরাপত্তা আপডেট প্রকাশ করা হয়।এই ত্রুটির অন্যতম উদ্বেগজনক দিক হলো, আক্রমণের জন্য ব্যবহারকারীকে কোনো সন্দেহজনক লিংকে ক্লিক করা বা ফাইল খোলার প্রয়োজন নাও হতে পারে। আক্রান্ত সার্ভারে নিরাপত্তা আপডেট না থাকলে দূর থেকেই বিশেষ নির্দেশনা চালানোর সুযোগ তৈরি হতে পারে। সাইবার নিরাপত্তার ভাষায় এ ধরনের আক্রমণকে বলা হয় ‘রিমোট কোড এক্সিকিউশন’।এমন আক্রমণের মাধ্যমে হ্যাকাররা সার্ভারে অননুমোদিত কোড চালানো, গোপন তথ্য হাতিয়ে নেওয়া কিংবা পরবর্তী সময়ে পুনরায় প্রবেশের ব্যবস্থা তৈরির চেষ্টা করতে পারেন।কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় শনাক্তপিএইচপির কোড বিশ্লেষণ করতে গিয়ে ক্যালিফ নামের একটি প্রতিষ্ঠানের নিরাপত্তা গবেষকেরা ত্রুটি দুটি শনাক্ত করেন। তাঁরা ওপেনএআই ও সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান উইজের ‘হ্যাক দ্য প্ল্যানেট’ উদ্যোগের আওতায় কাজ করছিলেন। পরে ত্রুটিগুলো কাজে লাগানোর পরীক্ষামূলক পদ্ধতি যাচাই করে ওপেনএআই।গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নেওয়া হলেও পুরো প্রক্রিয়াটি শুধু এআইয়ের ওপর নির্ভরশীল ছিল না। গবেষকদের প্রযুক্তিগত দক্ষতা, পিএইচপির কোড সম্পর্কে জ্ঞান এবং সাইবার আক্রমণের কৌশল বোঝার অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।অন্যদিকে, নিরাপত্তা আপডেট প্রকাশের আগেই এই দুর্বলতা কাজে লাগিয়ে হামলা চালানোর ঘটনা শনাক্ত করেছে অ্যামাজন। প্রতিষ্ঠানটির পর্যবেক্ষণে ১৭ অক্টোবরের দিকে সন্দেহজনক কার্যকলাপের ইঙ্গিত পাওয়া যায়। তবে হামলাকারীরা কীভাবে ত্রুটিগুলোর বিষয়ে জানতে পেরেছিল, তা এখনো নিশ্চিত নয়।হামলার প্রমাণ, বাড়ছে উদ্বেগসাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান পালো অল্টো নেটওয়ার্কস ও ট্রেইল অব বিটসের তথ্য অনুযায়ী, শুক্রবারের মধ্যে ত্রুটি দুটি কাজে লাগিয়ে অনুপ্রবেশ ও পরবর্তী ক্ষতিকর কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়। তবে ঠিক কোন কোন সিস্টেম আক্রান্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তখনো পাওয়া যায়নি।নিরাপত্তা ঝুঁকি কমাতে পিএইচপিচালিত ওয়েবসাইট ও সার্ভারের দায়িত্বে থাকা ব্যক্তিদের সংশ্লিষ্ট নিরাপত্তা আপডেট ইনস্টল করা এবং ব্যবহৃত সংস্করণ হালনাগাদ আছে কি না, তা যাচাই করা জরুরি। পাশাপাশি সার্ভারে অস্বাভাবিক কার্যকলাপের লক্ষণ পাওয়া গেলে তা দ্রুত পরীক্ষা করা প্রয়োজন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত