প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপির ছেলে মিন্টুর ৩ দিনের রিমান্ড
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় সংসদ সদস্য আবদুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে তাঁকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।কোর্ট পুলিশের পরিদর্শক আসমাউল হক জানান, মামলার তদন্ত কর্মকর্তা মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।আদালতে মিন্টুর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। তিনি নিজেই শুনানিতে অংশ নেওয়ার অনুমতি চান। অনুমতি পেয়ে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, কোনো কিছু যাচাই না করেই তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি সঠিক তদন্তের দাবি জানান।অন্যদিকে, মামলার তদন্ত কর্মকর্তা আদালতে বলেন, ঘটনাটি চাঞ্চল্যকর এবং আসামি প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় অনেকে সাক্ষ্য দিতে সাহস পাচ্ছেন না। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানান তদন্ত কর্মকর্তা।এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাতে গুরুদাসপুর বাজারসংলগ্ন একটি ভাড়া বাসা থেকে নুরুজ্জামান মিন্টুকে আটক করে পুলিশ। পরে তাঁকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদের পর শাকিল হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। মিন্টু গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।নিহত শাকিল ইসলাম গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব ছিলেন। গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুরে হামলার শিকার হন তিনি। দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে, এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।সেখানে প্রায় ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শাকিলের মৃত্যু হয়। তাঁর বাবা রবিউল করিম ১৯ অক্টোবর গুরুদাসপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। ওই মামলাতেই মিন্টুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এ ঘটনায় প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত