প্রিন্ট এর তারিখ : ৩০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
দীপের বক্তব্যে গরমিল, তাহসিফের মৃত্যু নিয়ে নতুন রহস্য
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। তাঁকে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া পরিচিত আহমেদ শাহরিয়ার রেজা দীপের বক্তব্যে অসংগতি পাওয়ায় তদন্তে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। এদিকে তুরাগ নদ থেকে মরদেহ উদ্ধারের স্থানটির কাছাকাছি একটি মোটরসাইকেলও উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।দীপ আগে জানিয়েছিলেন, তাহসিফের মোটরসাইকেল মেরামতের পর দুজন একসঙ্গে রাতের খাবার খেয়ে আলাদা পথে চলে যান। তবে পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, কয়েকজন তাঁদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং তিনি পালিয়ে যান। তাঁর এই বক্তব্য যাচাই করছে তদন্তসংশ্লিষ্টরা।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই। শুক্রবার (৩০ অক্টোবর) পিবিআই জানায়, টঙ্গীর মাজার বস্তি এলাকায় একটি মোটরসাইকেল পাওয়া গেছে। সেটি তাহসিফের কি না, তা যাচাই করা হচ্ছে।গত বুধবার (২৮ অক্টোবর) তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বাবা এ কে এম এনায়েতুল করিমের সন্দেহ, ছেলেকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, মরদেহে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।তাহসিফের মৃত্যুর সঙ্গে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। নৌপুলিশ ঘটনার তদন্ত করছে এবং পিবিআই তাদের সহায়তা করছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত