প্রিন্ট এর তারিখ : ৩১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
টিকটকে একটি ভিডিও ঘিরে তুলকালাম, আশুগঞ্জে সংঘর্ষে আহত ২০
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ||
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টিকটকে ভিডিও রিলস প্রকাশকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আশুগঞ্জ বাজারে আবিরপাড়া ও নাকরপাড়া গোষ্ঠীর লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের দুই গোষ্ঠীর কয়েকজন তরুণের মধ্যে টিকটকে ভিডিও প্রকাশ নিয়ে গত বৃহস্পতিবার ঝগড়া হয়। এ ঘটনার জেরে শুক্রবার দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।বিরোধ মীমাংসার জন্য শনিবার আশুগঞ্জ বাজারে সালিশের আয়োজন করা হয়। সেখানে প্রথমে বিষয়টির সমাধান হলেও কিছুক্ষণ পর দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কথা বিবেচনা করে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।পরে পুলিশ ও স্থানীয় লোকজনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে আহত অন্তত ২০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, টিকটক ভিডিও রিলস প্রকাশ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। তবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত