প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
৮০ লাখ টাকা ঘুষ দাবি, ১ লাখ টাকাসহ দুদকের ফাঁদে সার্ভেয়ার
নিজস্ব প্রতিবেদক ||
জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফাঁদ অভিযানে লালবাগ রাজস্ব সার্কেলের এক সার্ভেয়ারকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।আটক সার্ভেয়ারের নাম মোহাম্মদ আসাদুল ইসলাম। দুদকের ঢাকা জেলা কার্যালয়-১-এর একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।দুদক সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলাম চর-কামরাঙ্গী মৌজার বিভিন্ন দাগে থাকা মোট ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। ওই জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সীমানা পৃথক করা এবং স্কেচম্যাপ তৈরির জন্য গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন তিনি।অভিযোগ অনুযায়ী, প্রায় ছয় মাস ধরে লালবাগ রাজস্ব সার্কেলে একাধিকবার যোগাযোগ করেও জমির সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করাতে পারেননি মনিরুল ইসলাম। একপর্যায়ে তাকে ওই কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।পরে জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে আসাদুল ইসলাম তার কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ করেন মনিরুল ইসলাম। বিষয়টি তিনি দুদককে জানান এবং ঘুষ দাবির সঙ্গে জড়িত ব্যক্তিকে হাতেনাতে আটক করতে ফাঁদ অভিযানের অনুরোধ করেন।দুদক জানায়, অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার পরিকল্পিত ফাঁদ অভিযান চালানো হয়। এ সময় এক লাখ টাকা ঘুষ গ্রহণকালে সার্ভেয়ার আসাদুল ইসলামকে আটক করা হয়।তার বিরুদ্ধে দুদকের ঢাকা জেলা কার্যালয়-১-এ মামলা দায়ের এবং আদালতে সোপর্দ করার আইনগত প্রক্রিয়া চলছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত