ঢাকার কণ্ঠ

রকমারি খবর

প্রেমের টানে নেত্রকোনায় চীনা নাগরিক, ধর্মান্তরিত হয়ে করলেন বিয়েও

প্রেমের টানে ওয়্যাং সুলিন (৩০) নামের এক চীনা যুবক বাংলাদেশের নেত্রকোনা জেলায় ছুটে এসেছেন। শুধু ছুটে আসাই নয়, ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছেন নাজমিন আক্তার লিজা (২০) নামের এক তরুণীকে।পারিবারিক সূত্র জানা গেছে, লিজা মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাবা মো. নাজিম উদ্দিন পেশায় একজন আসবাব ব্যবসায়ী। তাদের মূল বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ভাটগাঁও গ্রামে হলেও তারা দীর্ঘদিন ধরে মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন।মুসলিম হওয়ার পর এই চীনা যুবকের নাম রাখা হয়েছে মো. নুর উদ্দিন।এদিকে ওয়্যাং সুলিন চীনের লুবেই প্রদেশের লুরাং শহরের বাসিন্দা এবং পেশায় রেস্তোরাঁ ব্যবসায়ী। ভাইয়ের সঙ্গে মিলে নিজ দেশে রেস্তোরাঁ ব্যবসা পরিচালনা করেন তিনি।জানা গেছে, প্রায় দুই মাস আগে ফেসবুকে লিজা ও সুলিনের প্রথম পরিচয়। যোগাযোগের এক পর্যায়ে তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিয়ের সিদ্ধান্ত নেন। বিষয়টি দুই পরিবারের কাছে জানালে উভয় পক্ষই এতে সম্মতি দেয়। এর পরই প্রেমিকার ডাকে সাড়া দিয়ে গত ১৮ জুলাই চীন থেকে ঢাকায় এসে পৌঁছান সুলিন। সেখান থেকে লিজার স্বজনরা তাকে অভ্যর্থনা জানিয়ে মোহনগঞ্জে নিয়ে যান।পরবর্তীতে ২১ জুলাই স্থানীয় আইনজীবীর মাধ্যমে এফিডেভিট করে ধর্মান্তর ও বিয়ের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। আনুষ্ঠানিকতা পূর্ণ করতে আগামীকাল শুক্রবার (৩১ জুলাই) মোহনগঞ্জে জমকালো বিয়ের আয়োজনের উদ্যোগ নিয়েছে কনেপক্ষ। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে তিনি চীনে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও ভিসা প্রস্তুত করে লিজাকে নিয়ে যাবেন। 

প্রেমের টানে নেত্রকোনায় চীনা নাগরিক, ধর্মান্তরিত হয়ে করলেন বিয়েও