ঢাকার কণ্ঠ

কৃষি বাতায়ন

দুই সপ্তাহেই কাঁচা মরিচের দাম কমল ৩০০ টাকা

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে কাঁচা মরিচের দাম কেজিতে কমেছে সর্বোচ্চ ৩০০ টাকা। সরবরাহ বাড়ায় হঠাৎ করেই কমে এসেছে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম। এর ফলে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে।আজ শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ দুই সপ্তাহ আগেও একই কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৪০০ থেকে ৪২০ টাকা পর্যন্ত।ব্যবসায়ীদের ভাষ্য মতে, ভারতসহ পার্শ্ববর্তী দেশ থেকে কাঁচা মরিচ আমদানি অব্যাহত থাকায় বাজারে সরবরাহ বেড়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন মরিচ উৎপাদনকারী অঞ্চল থেকেও নতুন করে বিপুল পরিমাণ মরিচ বাজারে আসছে। ফলে কমতে শুরু করেছে দাম।তাতী বাজারের বিক্রেতা আকাশ জানান, কয়েক দিন আগেও কাঁচা মরিচের সরবরাহ নিয়ে কিছুটা চাপ ছিল। এখন আমদানি ও দেশীয় সরবরাহ দুটোই ভালো থাকায় দাম কমেছে। বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি বাজারে নিয়মিত মরিচ আসছে।ক্রেতা আলামিন মিয়া জানান, কাঁচা মরিচ প্রতিদিনের রান্নায় প্রয়োজন হয়। দাম বেশি থাকায় কিছুদিন খুব অল্প পরিমাণে কিনতে হয়েছে। এখন দাম অনেকটা কমে আসায় স্বস্তি পাওয়া যাচ্ছে।বাজার সংশ্লিষ্টরা বলছেন, কাঁচা মরিচের মতো দ্রুত পচনশীল কৃষিপণ্যের দাম স্থিতিশীল রাখতে আধুনিক সংরক্ষণব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে দেশীয় উৎপাদন ও সরবরাহ বাড়ানো গেলে আমদানিনির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদে বাজার স্থিতিশীল রাখা সম্ভব।

দুই সপ্তাহেই কাঁচা মরিচের দাম কমল ৩০০ টাকা