ঢাকার কণ্ঠ

খেলাধুলা

‘লাস্ট ড্যান্সে’ বিশেষ জার্সিতে মেসি, থাকছে সোনালি ১০

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ যত এগিয়ে আসছে, ততই বাড়ছে ভক্তদের আগ্রহ। বিদায়ী ম্যাচে আর্জেন্টাইন তারকা যে বিশেষ জার্সি পরে মাঠে নামবেন, সেটির প্রথম ঝলক নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।আগামী (৬ অক্টোবর) বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নামার কথা মেসির। জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরও বিদায়ী ম্যাচটি খেলতে তাকে দলে রাখা হয়েছে।মেসির প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার পরিচিত আকাশি-সাদা রঙের নকশার সঙ্গে বিদায়ী জার্সিতে যোগ করা হয়েছে বিশেষ কিছু উপাদান। জার্সির পেছনে সোনালি রঙে লেখা থাকবে ‘MESSI’ এবং ১০। পাশাপাশি থাকছে আর্জেন্টিনার প্রতীকী ‘সান অব মে’-এর নকশা।সামাজিক যোগাযোগমাধ্যমে জার্সির ছবি প্রকাশ করে মেসি লিখেছেন, ‘শেষ ম্যাচ, আজীবনের জার্সি।’ তার এই পোস্টের পর ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে আর্জেন্টিনার ঘরের মাঠের আন্তর্জাতিক সূচিতেও রয়েছে আরও দুটি ম্যাচ। ৩০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে কর্দোবায় এবং ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে মনুমেন্টালে খেলবে আর্জেন্টিনা। এরপর ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হবে মেসির জাতীয় দলের বিদায়ী পর্ব।বিশেষ এই ম্যাচে ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচটি ঘিরে মাঠে বিশেষ আয়োজনের প্রস্তুতিও চলছে।

‘লাস্ট ড্যান্সে’ বিশেষ জার্সিতে মেসি, থাকছে সোনালি ১০