বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।রোববার (৫ জুলাই) দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। তিনি জানান, রোববার দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা যান।১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে জন্মগ্রহণ করেন আবুল কাসেম ফজলুল হক। দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রায় চার দশক শিক্ষকতা করেন এবং একসময় বিভাগটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে তার অবদান ছিল অনন্য। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দুটি সাময়িকপত্র সম্পাদনার পাশাপাশি তিনি রচনা করেন ২০টিরও বেশি গ্রন্থ। তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে একুশে ফেব্রুয়ারি আন্দোলন, রাজনীতি দর্শন, সাহিত্য চিন্তা এবং সংস্কৃতির সহজ কথা। এছাড়া তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি ও স্বদেশচিন্তাসহ একাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থ।সাহিত্য ও গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৭৪ সালে বাংলাদেশ লেখক শিবির পুরস্কার এবং ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে দেশের শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।