ঢাকার কণ্ঠ

দৃশ্যম ৩’-এ টাবুর নতুন চমক, রহস্য আরও ঘনীভূত

রূপালি পর্দায় রহস্যময় উপস্থিতি আর শক্তিশালী অভিনয়ের জন্য দীর্ঘদিন ধরেই দর্শকের আলাদা জায়গা দখল করে আছেন ভারতীয় অভিনেত্রী তাবাসসুম ফাতিমা হাশমী, যিনি টাবু নামেই বেশি পরিচিত। এবার ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’-এর মাধ্যমে আবারও আলোচনায় এই গুণী অভিনেত্রী।২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩’। এটি জনপ্রিয় ক্রাইম-থ্রিলার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ও শেষ কিস্তি। সিনেমাটিতে অজয় দেবগনের সঙ্গে টাবু, শ্রিয়া সরন, জয়দীপ আহলাওয়াত ও প্রকাশ রাজ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ‘দৃশ্যম’ সিরিজে টাবুর চরিত্র মীরা দেশমুখ শুরু থেকেই গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তৃতীয় কিস্তিতেও সেই চরিত্রকে ঘিরে তৈরি হয়েছে নতুন রহস্য ও টানটান উত্তেজনা। পরিচালক অভিষেক পাঠক জানিয়েছেন, এবারের গল্পে মীরা চরিত্রটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং পুরো কাহিনির অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করছে। পরিচালকের ভাষ্য অনুযায়ী, প্রথম দুই পর্বে মীরা অনেকটা নিয়ম-কানুন মেনেই এগিয়েছিল। কিন্তু নতুন সিনেমায় তার চরিত্রের ভাবনা ও সিদ্ধান্তে এসেছে পরিবর্তন। দর্শকদের পরিচিত গল্পের বাইরে গিয়ে নতুন ধরনের মোড় তৈরি করতেই নির্মাতারা কাজ করেছেন।অভিনয়জীবনে টাবু বরাবরই বৈচিত্র্যময় চরিত্র বেছে নিয়েছেন। ‘মকবুল’, ‘হায়দার’ থেকে শুরু করে ‘দৃশ্যম’ সিরিজ—বিভিন্ন ধরনের চরিত্রে নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন তিনি। এবার ‘দৃশ্যম ৩’-এও তার উপস্থিতি দর্শকদের আগ্রহের অন্যতম কারণ হয়ে উঠেছে।মুক্তির পর ‘দৃশ্যম ৩’ বক্স অফিসেও শক্তিশালী শুরু করেছে। প্রথম দুই দিনেই সিনেমাটি ভারতে ১০০ কোটি রুপির বেশি আয় করেছে বলে একাধিক প্রতিবেদনে জানানো হয়েছে। টাবুর অভিনয় আর ‘দৃশ্যম’ সিরিজের রহস্য—দুটোর সমন্বয়ে নতুন সিনেমাটি ইতোমধ্যে দর্শকদের মধ্যে তৈরি করেছে ব্যাপক আগ্রহ। এখন সিনেমাটির গল্প ও মীরা দেশমুখ চরিত্রের নতুন মোড় কতটা দর্শককে শেষ পর্যন্ত আটকে রাখতে পারে, সেটিই দেখার বিষয়।

দৃশ্যম ৩’-এ টাবুর নতুন চমক, রহস্য আরও ঘনীভূত