উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থ ও মানুষের কল্যাণে সঠিকভাবে ব্যয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল থাকার পাশাপাশি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সভায় চলমান কার্যক্রম, গৃহীত প্রকল্প, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা সম্পর্কে তাঁকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন প্রকল্প ও নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নে সরকার বাজেট বরাদ্দ দেবে। তবে এই অর্থ জনগণের। তাই বরাদ্দের প্রতিটি পয়সা যেন যথাযথভাবে দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে ব্যয় হয়, তা নিশ্চিত করতে কর্মকর্তাদের মনোযোগী হতে হবে।সরকারি দায়িত্বকে দেশের মানুষের জন্য কাজ করার বিশেষ সুযোগ হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা বিশেষ সুযোগ-সুবিধা পান। এই সুযোগ মানুষের কল্যাণে কাজে লাগানো উচিত। যার হাতে যত দিন দায়িত্ব পালনের সুযোগ রয়েছে, তত দিন আন্তরিকতার সঙ্গে দেশের জন্য কাজ করার চেষ্টা করতে হবে।সভায় কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে নিজেদের মতামত তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাঁর মতে, মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতের বৈঠকগুলোতে কর্মকর্তারা আরও খোলামেলাভাবে তাঁদের মতামত জানাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।