ঢাকার কণ্ঠ

আইফোন ব্যবহারকারীদের ২৫ কোটি ডলার দিচ্ছে অ্যাপল

অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ‘সিরি’–এর কিছু সুবিধা নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগে দায়ের করা মামলার নিষ্পত্তিতে ২৫ কোটি মার্কিন ডলার দিতে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট আইফোন ক্রেতারা প্রতি যোগ্য ডিভাইসের জন্য ২৫ থেকে সর্বোচ্চ ৯৫ ডলার পর্যন্ত পেতে পারেন।এই নিষ্পত্তির আওতায় পড়তে হলে যুক্তরাষ্ট্রের বাসিন্দা হতে হবে এবং ১০ জুন ২০২৪ থেকে ২৯ মার্চ ২০২৫ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট মডেলের আইফোন কিনতে হবে। যোগ্য ডিভাইসের মধ্যে রয়েছে iPhone 15 Pro, iPhone 15 Pro Max এবং iPhone 16, 16 Plus, 16e, 16 Pro ও 16 Pro Max। ক্রেতাকে ডিভাইসটির মূল ক্রেতা হতে হবে এবং পুনরায় বিক্রির জন্য ফোন কেনা হলে তা এই সুবিধার আওতায় পড়বে না।মামলায় অভিযোগ করা হয়েছিল, অ্যাপল ২০২৪ সালে নতুন ‘সিরি’ ও অ্যাপল ইন্টেলিজেন্সের কিছু উন্নত সুবিধার প্রচার করলেও সেগুলোর কয়েকটি নির্ধারিত সময়ে চালু হয়নি। পরবর্তীতে ওই সুবিধাগুলোর বিলম্ব নিয়ে মামলা হয়। অ্যাপল অবশ্য অভিযোগ বা কোনো ধরনের অনিয়ম স্বীকার করেনি; বরং মামলা নিষ্পত্তির মাধ্যমে বিষয়টি শেষ করতে সম্মত হয়েছে।যোগ্য গ্রাহকদের জন্য ক্ষতিপূরণের আবেদন নেওয়া শুরু হয়েছে ২১ সেপ্টেম্বর থেকে। আবেদন করার শেষ সময় ২১ ডিসেম্বর ২০২৬। প্রাথমিকভাবে প্রতি যোগ্য ডিভাইসে ২৫ ডলার দেওয়ার কথা থাকলেও বৈধ দাবির সংখ্যা অনুযায়ী তা সর্বোচ্চ ৯৫ ডলার পর্যন্ত হতে পারে।নিষ্পত্তির চূড়ান্ত অনুমোদনের শুনানি আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আদালতের অনুমোদন ও কোনো আপিলের বিষয় থাকলে অর্থ পাওয়ার সময় আরও পিছিয়ে যেতে পারে।

আইফোন ব্যবহারকারীদের ২৫ কোটি ডলার দিচ্ছে অ্যাপল