ঢাকার কণ্ঠ

তাজমিন হত্যা: আইফোন উদ্ধার, ঘটনার বর্ণনা দিল পুলিশ

কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালক সুমনের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য তুলে ধরেছে পুলিশ।শনিবার (১০ অক্টোবর) সকালে কুমিল্লা জেলা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া জানান, অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে তাজমিনের ব্যবহৃত আইফোন উদ্ধার করা হয়েছে।পুলিশের ভাষ্য অনুযায়ী, তাজমিনকে হত্যার পর তাঁর ব্যবহৃত আইফোনটি নিয়ে যান অভিযুক্ত। পরে কুমিল্লার বাকরাবাদ এলাকায় একটি পুকুরপাড়ের জঙ্গলে ফোনটি লুকিয়ে রেখে চট্টগ্রামে চলে যান তিনি। সেখান থেকে তাঁকে গ্রেপ্তারের পর তাঁর দেখানো স্থান থেকে ফোনটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হত্যাকাণ্ডের বিষয়ে বর্ণনা দিয়েছেন। তবে ধর্ষণের অভিযোগের বিষয়ে ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত সিদ্ধান্ত জানানো যাবে। এ ঘটনায় তদন্ত চলছে; তাই তদন্ত শেষ হওয়ার আগে সব তথ্যকে চূড়ান্ত বলে বিবেচনা করা হচ্ছে না।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাজমিন ৪ অক্টোবর বাড়ি থেকে বের হয়েছিলেন বলে তাঁর বাবা পুলিশকে জানিয়েছেন। তবে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি কোথায় গিয়েছিলেন, কার সঙ্গে ছিলেন কিংবা কেউ তাঁকে সহযোগিতা করেছিলেন কি না—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আগে কোনো সাধারণ ডায়েরি বা অভিযোগ করা হয়নি বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।ঘটনাস্থলের কাছাকাছি পাওয়া একটি ভিডিও ফুটেজও বিশ্লেষণ করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার জানান, ফুটেজে তাজমিনকে একটি সিএনজিচালিত অটোরিকশায় বসে থাকতে দেখা যায়। গাড়িতে আরও কেউ ছিলেন কি না, তা নিয়েও পর্যালোচনা করা হচ্ছে।পুলিশ আরও জানায়, তাজমিন রাত ২টা ৫৮ মিনিটে তাঁর বাবার সঙ্গে লাইভ লোকেশন শেয়ার করেছিলেন। তবে বাবা তখন সেটি দেখেননি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তিনি ওই এলাকায় যান। এর আগেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছিল বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।গত ৮ অক্টোবর কুমিল্লার লালমাই উপজেলার ভোরাজগৎপুর উত্তরপাড়া এলাকায় ধানখেতের পাশ থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজিচালক সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তারের কথা আগেই জানিয়েছিল পুলিশ। মামলার অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

তাজমিন হত্যা: আইফোন উদ্ধার, ঘটনার বর্ণনা দিল পুলিশ