ঢাকার কণ্ঠ

নিশি শ্রাবণী-আকাশ সেনের কণ্ঠে এলো ‘প্রেমিক ৪২০’

শ্রোতাদের জন্য নতুন চমক নিয়ে হাজির হলেন সংগীতশিল্পী নিশি শ্রাবণী। ওপার বাংলার জনপ্রিয় শিল্পী আকাশ সেনের সঙ্গে তার নতুন গান ‘প্রেমিক ৪২০’ প্রকাশের পর থেকেই গানটি নিয়ে দর্শক-শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। প্রেম, মজা ও তারুণ্যের আবহে নির্মিত গানটির মিউজিক ভিডিওতেও রয়েছে বিনোদনের ছোঁয়া।অনিম খানের সুর ও সংগীত পরিচালনায় গানটির কথা লিখেছেন মুহাম্মাদ উসমান গণি, মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন মাসুম খান। ভিডিওতে অভিনয় করেছেন তুহি শেখ ও রাফা । সংগীতাঙ্গনে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলা নিশি শ্রাবণী ‘বাংলার গায়েন সিজন-১’-এর মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। প্রতিযোগিতায় ‘দিলো না দিলো না’, ‘কাঙ্গালিনীর বন্ধু তুমি’ ও ‘হাওয়া দমে দেখ তারে’ গানে অনবদ্য পরিবেশনার জন্য তিনি ‘বেস্ট পারফর্মার’ নির্বাচিত হন এবং ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নেন। এরপর ‘প্রেমে সুনামি’, ‘কলিজা খুইলা’সহ একাধিক মৌলিক গান প্রকাশ করে শ্রোতাদের প্রশংসা অর্জন করেন।চুয়াডাঙ্গার এই শিল্পী ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এরপর চাকুরিতে যোগদান করলেও সংগীতের প্রতি ভালোবাসা থেকেই সেই চাকরি ছেড়ে পুরোপুরি গানকে পেশা হিসেবে বেছে নেন। গত কয়েক বছরে স্টেজ শো, টেলিভিশন অনুষ্ঠান এবং মৌলিক গানের মাধ্যমে তিনি নিজেকে এই প্রজন্মের একজন বহুমাত্রিক শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করার ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।নতুন গান প্রসঙ্গে নিশি শ্রাবণী বলেন, “ভালো কিছু গান সবসময়ই শ্রোতাদের উপহার দেওয়ার চেষ্টা করি। ‘প্রেমিক ৪২০’ গানটি নিয়েও আমরা সবাই আন্তরিকভাবে কাজ করেছি। আশা করছি গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।”

নিশি শ্রাবণী-আকাশ সেনের কণ্ঠে এলো ‘প্রেমিক ৪২০’