নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কেমিক্যালজাতীয় পণ্য সংরক্ষণের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, রঙের স্টিলের কৌটা কাটার সময় গ্রাইন্ডিং মেশিন থেকে তৈরি হওয়া স্পার্ক থেকেই আগুনের সূত্রপাত।স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে গোডাউনটিতে আগুন দেখা দিলে আশপাশের লোকজন দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, গোডাউনের ভেতরে গ্রাইন্ডিং মেশিন দিয়ে রঙের স্টিলের ডিব্বা কাটার সময় ঘর্ষণের ফলে স্পার্ক তৈরি হয়। প্রাথমিকভাবে ওই স্পার্ক থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।তিনি জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একযোগে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গোডাউনে থাকা কী পরিমাণ মালামাল পুড়েছে কিংবা এতে আর্থিক ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন পুরোপুরি নির্বাপণের পর ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। গোডাউনে কেমিক্যালজাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।