ঢাকার কণ্ঠ

ঢাকায় গাইবেন আতিফ আসলাম, টিকিট বিক্রি শুরু

আগামী ২৪ জুলাই রাজধানী ঢাকায় কনসার্ট করতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের এই কনসার্টের আয়োজন করেছে মেইন স্টেজ। অনুষ্ঠানে আতিফ আসলামের পাশাপাশি পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ।আয়োজকদের তথ্য অনুযায়ী, রাজধানীর ৩০০ ফুট এলাকায় অবস্থিত ক্রিকেটার্স একাডেমিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই কনসার্ট। এরই মধ্যে গেটমাই টিকিট ওয়েবসাইটে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।তিনটি ক্যাটাগরিতে টিকিট পাওয়া যাচ্ছে। ‘দূরি এরিয়া’–র টিকিটের মূল্য ২ হাজার ৯৯৯ টাকা, ‘আদাত এরিয়া’–র ৫ হাজার ৯৯৯ টাকা এবং ‘পেহলি নজর এরিয়া’–র টিকিটের দাম ১০ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।কনসার্টের দিন দুপুর ২টা থেকে দর্শকদের জন্য প্রবেশদ্বার খুলে দেওয়া হবে এবং সন্ধ্যা ৬টায় প্রবেশ বন্ধ হবে। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায় এবং চলবে রাত ১০টা পর্যন্ত।এর আগে গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকায় আতিফ আসলামের এই কনসার্ট আয়োজনের পরিকল্পনা ছিল। প্রস্তুতি সম্পন্ন হওয়ার পাশাপাশি টিকিট বিক্রিও শুরু হয়েছিল। তবে শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়। সে সময় আয়োজকরা জানিয়েছিলেন, কনসার্টটি বাতিল হয়নি; উপযুক্ত সময়ে নতুন তারিখে আয়োজন করা হবে।আয়োজক প্রতিষ্ঠান আরও জানিয়েছে, স্থগিত হওয়া কনসার্টের যেসব টিকিটধারী রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কিনতে হবে না। আর যারা রিফান্ডের আবেদন করেছিলেন কিন্তু এখনো অর্থ ফেরত পাননি, তারা চাইলে রিফান্ড আবেদন প্রত্যাহার করে আগের টিকিট পুনরায় সক্রিয় করার সুযোগ পাবেন।মেইন স্টেজের পক্ষ থেকে কাজী রাফসান বলেন, “চলতি বছরের সবচেয়ে বড় আয়োজনের দ্বারপ্রান্তে আমরা। শিল্পী, দর্শক এবং পুরো টিমের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের বিশ্বাস, এই কনসার্ট শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, বরং হাজারো দর্শকের আবেগ, প্রত্যাশা ও ভালোবাসার এক মিলনমেলায় পরিণত হবে।”

ঢাকায় গাইবেন আতিফ আসলাম, টিকিট বিক্রি শুরু