দেশের বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখতে বলেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা-২০২৬ এখনো চূড়ান্ত হয়নি। এ কারণে নতুন নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত এসব প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনের কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে।এ নির্দেশনার অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।এ ছাড়া বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমমানের প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদেরও বিজ্ঞপ্তির অনুলিপি দেওয়া হয়েছে।নতুন প্রবিধানমালা চূড়ান্ত হওয়ার আগে কমিটি গঠনের কার্যক্রম স্থগিত রাখার এই নির্দেশনা পরবর্তী আদেশ না আসা পর্যন্ত বহাল থাকবে।