ন্যাশনাল ব্যাংক পিএলসির আমানতকারীদের কাছ থেকে অর্থ উত্তোলনের আবেদন নেওয়া শুরু হয়েছে।রোববার (১১ অক্টোবর) থেকে আবেদন গ্রহণ শুরু করেছে ব্যাংকটি। আগামী ১৫ অক্টোবর থেকে গ্রাহকেরা নিজেদের প্রয়োজন অনুযায়ী আমানতের টাকা তুলতে পারবেন। একই দিন থেকে পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম চালুর প্রস্তুতিও নিচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ।বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের সব শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতে হবে। এর ফলে গ্রাহকেরা চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের পাশাপাশি স্বাভাবিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।এর আগে গত ৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক বৈঠক করেন। বৈঠকে ব্যাংকটির তারল্য পরিস্থিতি, আমানতকারীদের অর্থ উত্তোলন এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালুর বিষয়ে আলোচনা হয়।বৈঠকে আমানতকারীদের স্বার্থ রক্ষা, ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখা এবং ব্যাংকের কার্যক্রম সুশৃঙ্খল রাখার ওপর গুরুত্ব দেন গভর্নর। গ্রাহকেরা যাতে প্রয়োজন অনুযায়ী তাঁদের আমানতের অর্থ তুলতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান বৈঠকে জানান, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পদক্ষেপে ব্যাংকটির সুশাসন প্রতিষ্ঠায় অগ্রগতি হয়েছে। ব্যাংকের দক্ষতা ও কার্যক্ষমতা বাড়াতে ঊর্ধ্বতন ব্যবস্থাপনাতেও পরিবর্তন আনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।১৫ অক্টোবর থেকে শুধু নগদ অর্থ উত্তোলন নয়, ব্যাংকটির কাউন্টার সেবা, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিংসহ অন্যান্য ডিজিটাল সেবাও পূর্ণমাত্রায় চালুর পরিকল্পনা রয়েছে। শাখা ও এটিএম বুথে সেবা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে। দীর্ঘদিন ধরে তারল্যসংকট ও ঋণসংক্রান্ত অনিয়মের কারণে ন্যাশনাল ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল। নতুন উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের অর্থ উত্তোলনের সুবিধা স্বাভাবিক করা এবং ব্যাংকটির প্রতি আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংক কর্তৃপক্ষ।