ঢাকার কণ্ঠ

কেরানীগঞ্জকে একটি শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে চাই: আমান উল্লাহ আমান

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে যারা বের করে দিয়েছিল, তারা এখন দেশছাড়া। জনগণের শক্তির কাছে অন্যায় কখনও টিকতে পারে না।আজ সোমবার (২ জুন) বিকেলে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের আকছাইল মাঠে আয়োজিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আকছাইল স্পোর্টিং ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে।আমান উল্লাহ আমান বলেন, আপনারা আমাকে পাঁচবার এমপি নির্বাচিত করেছেন। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। কেরানীগঞ্জকে একটি শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে চাই।তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হয়েছে। তরুণদের খেলাধুলায় উৎসাহ দিতে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মন ভালো রাখে। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “মাদক সমাজ ও পরিবার ধ্বংস করে দেয়। কেরানীগঞ্জে কোনোভাবেই মাদকের বিস্তার হতে দেওয়া হবে না। এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মো. জাহাঙ্গীর। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, মো. হেলাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কেরানীগঞ্জকে একটি শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে চাই: আমান উল্লাহ আমান