ঢাকার কণ্ঠ

কেরানীগঞ্জে রাস্তার পাশে পড়ে থাকা মুমূর্ষু প্রতিবন্ধীকে উদ্ধার করলেন ইউএনও

ঢাকার কেরানীগঞ্জে রাস্তার পাশে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা এক প্রতিবন্ধী ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক। তার এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে কেরানীগঞ্জের কদমতলী পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে, এক ব্যক্তি ফোন করে ইউএনওকে জানান, কদমতলী পয়েন্ট এলাকায় একজন প্রতিবন্ধী ব্যক্তি দীর্ঘ সময় ধরে অসুস্থ ও মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ইউএনও মো. উমর ফারুক ঘটনাস্থলে ছুটে যান এবং বিষয়টির সত্যতা নিশ্চিত হন।পরে তিনি দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ওই ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।এ বিষয়ে ইউএনও মো. উমর ফারুক বলেন, “একজন ব্যক্তির ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি, একজন প্রতিবন্ধী ব্যক্তি অসহায় অবস্থায় পড়ে আছেন। পরে দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করে হাসপাতালে পাঠানো হয়।”তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ওই প্রতিবন্ধী ব্যক্তিকে ব্যবহার করে এক ব্যক্তি ভিক্ষাবৃত্তি করাতো। অসুস্থ হয়ে পড়লে তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। বিষয়টি অত্যন্ত অমানবিক ও দুঃখজনক। বর্তমানে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।স্থানীয়রা জানান, দীর্ঘ সময় ধরে ওই ব্যক্তিকে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখা গেলেও কেউ এগিয়ে আসেনি। পরে ইউএনওর সরাসরি হস্তক্ষেপে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।এদিকে প্রতিবন্ধী ব্যক্তিকে ভিক্ষাবৃত্তিতে ব্যবহার এবং অসুস্থ অবস্থায় ফেলে যাওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় ইউএনও মো. উমর ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।

কেরানীগঞ্জে রাস্তার পাশে পড়ে থাকা মুমূর্ষু প্রতিবন্ধীকে উদ্ধার করলেন ইউএনও