ঢাকার কণ্ঠ

ইউপি ভোটের বড় ঘোষণা, কোন ধাপে কবে ভোট?

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের ভোট আগামী ১২ নভেম্বর এবং শেষ ধাপের ভোট ২৭ মে ২০২৭ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।সোমবার (১৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, প্রথম ধাপে ৮০টি উপজেলায় ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। এরপর দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর ভোট হতে পারে।পরবর্তী ধাপগুলোর সম্ভাব্য তারিখ হিসেবে আগামী বছরের ১৭ জানুয়ারি চতুর্থ ধাপ, ৪ ফেব্রুয়ারি পঞ্চম ধাপ, ২২ এপ্রিল ষষ্ঠ ধাপ এবং ২৭ মে সপ্তম ধাপ নির্ধারণের কথা জানানো হয়েছে। তবে এগুলো এখনো সম্ভাব্য তারিখ; চূড়ান্ত তফসিলে পরিবর্তন আসতে পারে। ইসি সূত্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা তৈরির কাজ এগিয়ে নেওয়া হয়েছে। ভোটের প্রায় ২৫ দিন আগে সংশ্লিষ্ট কেন্দ্রের চূড়ান্ত তালিকা গেজেট আকারে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।এদিকে ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হওয়ার সুযোগ দেওয়ার পর ভোটার তালিকায় ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন যুক্ত হয়েছেন। এতে দেশের মোট ভোটার দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জনে। নতুন ভোটারদেরও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ থাকবে বলে ইসি জানিয়েছে।স্থানীয় সরকার নির্বাচনের আইন ও বিধিতেও কিছু পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে হলফনামায় অতিরিক্ত তথ্য যুক্ত করা, অসত্য তথ্য দিলে প্রার্থিতা বাতিল, দ্বৈত নাগরিকদের অযোগ্যতা এবং নির্বাচনি অপরাধে শাস্তি বাড়ানোর মতো বিষয় রাখা হয়েছে। ভোটকেন্দ্রে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে নির্বাচন বন্ধ করার ক্ষমতাও ইসির হাতে রাখার প্রস্তাব রয়েছে। এর আগে সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ ও ২০২২ সালে সাত ধাপে অনুষ্ঠিত হয়েছিল। এবারও ধাপে ধাপে নির্বাচন আয়োজনের মাধ্যমে ইউনিয়ন পরিষদ দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু করতে চায় কমিশন।

ইউপি ভোটের বড় ঘোষণা, কোন ধাপে কবে ভোট?