ঢাকার কণ্ঠ

কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দিলেন এমপি নিপুণ রায়

সরকারের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেই সরকারের সাফল্য জনগণের কাছে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।মঙ্গলবার (২৬ মে) দুপুরে কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে ৮০০টি পরিবারের মাঝে মোট ২০ লাখ টাকা বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।নিপুণ রায় চৌধুরী বলেন, “সত্যিকার অর্থে তখনই সরকার সফল হবে, যখন জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সততার সঙ্গে জনগণের জন্য কাজ করবেন। তাহলে সরকারের সব উদ্যোগ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে।”তিনি আরও বলেন, “ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের প্রতি আমি কৃতজ্ঞ। তার সহযোগিতা ও নির্দেশনায় আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”সরকারি প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতার প্রশংসা করে তিনি বলেন, “সবাই যদি আন্তরিকভাবে কাজ করে, তাহলে কেরানীগঞ্জ থেকে দুর্নীতির লাগাম টেনে জনগণের সেবা নিশ্চিত করা সম্ভব হবে।”এ সময় তিনি উল্লেখ করেন, দেশের বিভিন্ন আসনে নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ঈদ উপহার পাঠিয়েছেন, যাতে অসহায় মানুষও ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দিলেন এমপি নিপুণ রায়